মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল প্রায় অর্ধলাখ টাকা হওয়ার ঘটনায় নিজেদের অবস্থান তুলে ধরে লিখিত ব্যাখ্যা দিয়েছে কুড়ি-লাল পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিস। কর্তৃপক্ষের দাবি, বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও গ্রাহক নিজ উদ্যোগে মিটারে পুনঃসংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহার করেন। এ সময় বাড়িতে দুটি অটোরিকশা চার্জ দেওয়ার কারণেও বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। পরে জমা হওয়া অতিরিক্ত ইউনিটের বিল কয়েক মাসের নিয়মিত বিলের সঙ্গে সমন্বয় করা হয়।
শনিবার (২১ নভেম্বর) ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান এক লিখিত ব্যাখ্যায় এসব তথ্য জানান। প্রকাশিত সংবাদে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে উঠে আসেনি বলেও দাবি করেন তিনি।
জোনাল অফিসের লিখিত ব্যাখ্যা অনুযায়ী, আবাসিক গ্রাহক মো. ইউনুস আলীর ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত মোট ১৭ হাজার ১৬১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এ কারণে গত ৩০ মার্চ তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে সংযোগ বিচ্ছিন্নের পরও গ্রাহক নিজ উদ্যোগে মিটারে পুনঃসংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহার অব্যাহত রাখেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এ সময় তাঁর বাড়িতে দুটি অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
পল্লী বিদ্যুতের দাবি, গত ১৪ জুন পর্যন্ত মিটারে ১ হাজার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের রিডিং জমা হয়। বিষয়টি জোনাল অফিসের নজরে এলে ওই দিন গ্রাহক কার্যালয়ে গিয়ে বৈধভাবে পুনঃসংযোগ গ্রহণ করেন। এ সময় গ্রাহকের অনুরোধে জমা হওয়া ইউনিটের বিল পরবর্তী পাঁচ মাসের নিয়মিত বিলের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসে গ্রাহক মোট ২৩ হাজার ৭৮ টাকা পরিশোধ করেছেন। অবশিষ্ট ইউনিটের বিল অক্টোবর মাসে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৮ হাজার ২৮৯ টাকা যুক্ত করা হয়েছে। তবে অক্টোবর ও নভেম্বর মাসের বিল এখনো বকেয়া রয়েছে।
ডিজিএম মো. আসাদুজ্জামান জানান, প্রতি মাসে মিটার রিডিং অনুযায়ী নিয়মিত বিল প্রস্তুত করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন থাকার পরও বিদ্যুৎ ব্যবহারের কারণে মিটারে জমা হওয়া ইউনিটের বিল পরবর্তী মাসগুলোর সঙ্গে যুক্ত হওয়ায় বিলের পরিমাণ বেশি হয়েছে। মিটার পরীক্ষা করেও সেটি সচল ও ভালো পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৫০ হাজার টাকা আদায়ের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন ডিজিএম। তাঁর ভাষ্য, অফিসের হিসাব অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক ২৩ হাজার ৭৮ টাকা পরিশোধ করেছেন। সে ক্ষেত্রে তিন মাসে প্রায় ৫০ হাজার টাকা আদায়ের তথ্যের ভিত্তি কী, তা স্পষ্ট নয়।
ডিজিএমের অভিযোগ, প্রকাশিত সংবাদে দুটি অটোরিকশা চার্জ দেওয়া, বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন সংযোগ নিজ উদ্যোগে পুনঃস্থাপন করে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। পাশাপাশি জমা হওয়া অতিরিক্ত ইউনিটের বিল একসঙ্গে আদায় না করে কয়েক মাসের নিয়মিত বিলের সঙ্গে সমন্বয়ের সুযোগ দেওয়ার বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা জরুরি। এতে ঘটনার উভয় পক্ষের বক্তব্য উঠে আসে এবং পাঠকের কাছে প্রকৃত তথ্য পৌঁছায়। প্রকাশিত সংবাদে উত্থাপিত তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর ‘হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নিজেদের অবস্থান ও বিদ্যুৎ বিলের হিসাব তুলে ধরে লিখিত ব্যাখ্যা দেয় ফুলবাড়ী জোনাল অফিস।
এ জাতীয় আরো খবর..