মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর পুঠিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদের বাড়িতে গভীর রাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। আব্দুস সামাদ নাশকতাসহ রাষ্ট্রবিরোধী একাধিক মামলায় বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। সাবেক চেয়ারম্যানের স্ত্রী রুনা বেগম বলেন, ঘটনার সময় তিনি ও তাঁর দুই ছেলে বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার দিবাগত গভীর রাতে অনেক লোকজন এসে বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা প্রথমে বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের তিনজনকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।
তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা ঘরে থাকা ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তাঁর স্বামী ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন কি না জানতে চাইলে রুনা বেগম বলেন, অভিযোগ করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রতিবেশী নাসিমা বেগম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে চেয়ারম্যানের বাড়ি থেকে শোরগোল শুনে তাঁরা ছুটে যান। আশপাশের লোকজন ছোটাছুটি করার মধ্যে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা আগুন নিভাতে সক্ষম হন। তবে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না।
এ জাতীয় আরো খবর..