×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৫
  • ১৬ বার পঠিত
খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতি বছর ২৫ নভেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের তিন নারী রাজনৈতিক কর্মী মিরাবাল বোনদের হত্যাকাণ্ডের স্মরণে ১৯৮১ সাল থেকে দিনটি নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। পরবর্তী সময়ে ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি জাতিসংঘের সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

নারীর প্রতি সহিংসতা বিশ্বব্যাপী একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশেও নারীরা প্রতিনিয়ত পারিবারিক সহিংসতা, যৌতুকের জন্য নির্যাতন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, কর্মক্ষেত্রে বৈষম্যসহ বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে ঘরের ভেতরে সংঘটিত সহিংসতার অনেক ঘটনা সামাজিকভাবে আড়ালে থেকে যায়।

স্বামী বা পরিবারের সদস্যদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতন, অর্থনৈতিক নিয়ন্ত্রণ, যৌন সহিংসতা এবং যৌতুকের দাবিতে নির্যাতন নারীদের জীবন ও নিরাপত্তাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। সামাজিক মর্যাদা হারানোর ভয়, পারিবারিক চাপ, আর্থিক নির্ভরশীলতা এবং বিচারপ্রাপ্তির অনিশ্চয়তার কারণে অনেক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ করতে বা অভিযোগ জানাতে পারেন না। ফলে অসংখ্য ঘটনা যথাযথ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার বাইরে থেকে যায়।

মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জন শিশু, ৯ হাজার ৫০৯ জন নারী এবং ৪০৩ জনের বয়স জানা যায়নি।

একই সময়ে যৌতুক সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ জন নারী। তাঁদের মধ্যে যৌতুকের কারণে ৩ হাজার ৭৪৮ জনকে হত্যা করা হয়েছে, ২ হাজার ৭৮৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং নির্যাতন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন।

এ ছাড়া ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৫০৩ জন নারী ও শিশু যৌন হয়রানি বা উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ৯৭০ জন পুরুষ এবং ২২৫ জন নারীও আক্রমণের শিকার হয়েছেন বলে সংস্থাটির তথ্যে উল্লেখ করা হয়েছে।

নারীর প্রতি সহিংসতার আরেকটি উদ্বেগজনক ক্ষেত্র হলো ডিজিটাল বা অনলাইন সহিংসতা। সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য, যৌন হয়রানি, ধর্ষণের হুমকি, ব্যক্তিগত ছবি ও তথ্য অনুমতি ছাড়া প্রকাশ, ছবি বিকৃত করে প্রচার, ভুয়া অ্যাকাউন্ট তৈরি এবং পরিকল্পিত অপপ্রচারের মাধ্যমে নারীদের সামাজিক ও ব্যক্তিগতভাবে হেয় করার ঘটনা বাড়ছে।

বিশেষ করে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থী এবং সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারী নারীরা মতপ্রকাশ ও জনপরিসরে সক্রিয় ভূমিকা রাখার কারণে অনলাইন হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন। এসব কর্মকাণ্ড নারীদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য এবং স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থী, পেশাজীবী ও মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সংগঠিত হওয়া, নেতৃত্ব দেওয়া এবং আন্দোলনের পক্ষে জনমত গঠনে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে আন্দোলনে অংশগ্রহণকারী এবং পরবর্তী সময়ে জনপরিসরে দৃশ্যমান হওয়া অনেক নারী অনলাইন হয়রানি, ধর্ষণের হুমকি, বিকৃত ছবি ও ভিডিও প্রচার এবং ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের শিকার হয়েছেন। নারীর রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই তাঁদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত করা জরুরি।

এ ছাড়া গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘদিনের সংগ্রামও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের আলোচনায় বিশেষ গুরুত্বের দাবি রাখে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি গুমের শিকার হলে তাঁর স্ত্রী, মা ও কন্যাসন্তানদের অনেকেই দীর্ঘস্থায়ী আর্থিক সংকট, সামাজিক অনিশ্চয়তা ও নানা প্রতিকূলতার মুখোমুখি হন। এসব পরিবারকে সুরক্ষা, আর্থিক সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল হক সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট মরিয়ম রহমান উর্মি, অ্যাডভোকেট তাসলিমা খাতুন, মোছা. শিমু খাতুন, অ্যাডভোকেট নার্গিস বেগম, অ্যাডভোকেট তানজিল দৃষ্টি, অ্যাডভোকেট সুমাইয়া মেহজাবিন, অ্যাডভোকেট মনজুরুল সোহাগ, অ্যাডভোকেট লায়লা ইয়াসমিন পপি, অ্যাডভোকেট শামীমা ইয়াসমিন রিমা, রুকসানা ইয়াসমিন জয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন।

বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত, নারীর নিরাপত্তা এবং সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারীর অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat