বিপ্লব সরকার, নওগাঁ(পত্নীতলা) প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার কৃতি সন্তান, এম.টি (রেডিও) ও পল্লী চিকিৎসক মোঃ বেদারুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক ঘটনা ও পূর্বাপর নানা বিতর্ক নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত রাখা এই ব্যক্তি এবং তার মেয়ে ডাঃ হোসনে জাহান (পল্লবী) এমবিবিএস (রাজ) ডিএমইউ (আল্ট্রা) বিএমডিসি নং ১৩৩২১০ -এর কর্মকাণ্ড যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সাম্প্রতিক একটি অভিযানের ধরন ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজের দরিদ্র ও অসহায় মানুষ যখন অনেক ক্ষেত্রে অবৈজ্ঞানিক চিকিৎসা ও অপচিকিৎসার শিকার হয়ে নানা জটিলতায় ভুগতেন, তখন থেকেই সেবার ব্রত নিয়ে কাজ শুরু করেন মোঃ বেদারুল ইসলাম। তার কর্মজীবনে প্রয়াত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তাদের—বিশেষ করে যশোরের তৎকালীন থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রয়াত ডাঃ আব্দুল মান্নান, প্রয়াত টিএইচএন্ডএফপিও আব্দুল জব্বার, ডাঃ বিভাষমানী, ডাঃ রঞ্জন চৌধুরী, ডাঃ আখতারুজ্জামান আলাল এবং ডাঃ খালিদ সাইফুল্লাহর সান্নিধ্য ও সহযোগিতার কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে মেয়ে ডাঃ হোসনে জাহান (পল্লবী)-কে সাথে নিয়ে হাড়জোড়, বাত, ব্যথা ও নিউরো মেডিসিনের প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতায় মান্দার পাশাপাশি মহাদেবপুর ও পত্নীতলা এলাকায় ইতিবাচক পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে দাবি সমর্থকদের।
সংশ্লিষ্টদের দাবি, প্রত্যন্ত অঞ্চলে বেদারুল ইসলামের এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আগেও তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২৬ (রবিবার) সংঘটিত একটি ঘটনা ও অভিযানকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওই অভিযানে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (প্রসিকিউশন) ডাঃ শাহনেওয়াজের মন্তব্য এবং ম্যাজিস্ট্রেটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।
অভিযোগকারীদের মতে, সঠিক তথ্য যাচাই ও দক্ষতার ঘাটতির কারণে একটি ভুল বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। যদিও মোঃ বেদারুল ইসলাম বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা বলেছেন, তবে স্থানীয় সচেতন মহলের প্রশ্ন—এ ধরনের ভুল বা ত্রুটি যদি অন্য কারও ক্ষেত্রে ঘটত, তবে তার পরিণতি কী হতো?
মহাদেবপুর ও পত্নীতলাসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মতে, প্রকৃত তথ্য উদঘাটন হওয়া জরুরি। এই ঘটনায় তথ্য বিভ্রান্তি ছিল নাকি কোনো মহলের নেপথ্য ইন্ধন কাজ করেছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তারা। একই সাথে সেবার নামে বা অভিযানের নামে যেন কোনো নিরপরাধ ব্যক্তি বা প্রকৃত সেবক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছেন এলাকাবাসী।
এ জাতীয় আরো খবর..