নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালীতে নারী নির্যাতনবিরোধী সংহতি সমাবেশ ও অরেঞ্জ মার্চ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি অরেঞ্জ মার্চ বের করা হয়। মার্চটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী নারী অধিকার জোটের সাবেক সভাপতি লায়লা পারভীন, নবধারা সমাজকল্যাণ সংস্থার সভানেত্রী রাশেদা পারভীন কুসুম, অনন্যা সমাজকল্যাণ সংস্থার হাসিন চৌধুরী, স্বপ্ন নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী রুমানা ইসলাম এবং স্বপ্ন নারী ও শিশু উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক সুবর্ণা আক্তার বৃষ্টি এবং ব্র্যান্ডিং বাংলা ইউথ এবং নারী উদ্যোক্তা ফৌজিয়া নাজনীনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় সাগরিকা উন্নয়ন সংস্থা, এসো গড়ি উন্নয়ন সংস্থা, নিজেরা করি, ব্র্যাক, এনআরডিএস, প্রাণ, বন্ধন ও মাতৃছায়া যুবকল্যাণ সংস্থাসহ প্রায় ৩৫টি সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, স্বাধীন দেশেও নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে নিরাপদ নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিসর এমনকি দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রেও নারীরা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অনলাইন নিপীড়ন নারীর নিরাপত্তা ও মর্যাদাকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে।
তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযান সচেতনতা সৃষ্টি ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ থেকে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের বৈষম্য দূর করতে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারীদের স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার পরিবেশ নিশ্চিত করা না গেলে টেকসই ও ইতিবাচক উন্নয়ন সম্ভব নয়।
এ জাতীয় আরো খবর..