মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ইট প্রস্তুতকারক বদলগাছী উপজেলা মালিক সমিতির উদ্যোগে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় বদলগাছী উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইট প্রস্তুতকারক মালিক সমিতির সদস্যরা জানান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ইসরাত জাহান ছনি চলতি মৌসুমে ইট পোড়ানোর জন্য আগুন দিতে নিষেধ করেছেন। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো ইটভাটা এই নির্দেশ অমান্য করে আগুন দেয়, তাহলে মোবাইল কোর্ট পরিচালনা করে ঐসব ইটভাটা ভেঙে ফেলা হবে।
এছাড়া, গত ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে পরিবেশ অধিদপ্তর থেকে বদলগাছীর বিভিন্ন ইটভাটায় ইট পোড়ানো বন্ধের নোটিশ দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা বলেন, ইট পোড়াতে না পারলে আমরা চতুর্মুখী ক্ষতির মুখে পড়ব। একদিকে ব্যাংক ও ব্যক্তিগত ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ঋণ খেলাপি হতে হবে, অন্যদিকে আমাদের সঙ্গে জড়িত শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়বে।
তারা আরও বলেন, ইটভাটা বন্ধ হলে গ্রাম ও শহরের অবকাঠামো উন্নয়ন ব্যাহত হবে, বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়বে। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইটভাটার শ্রমিকরা অংশ নেন। শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজনের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ইসরাত জাহান ছনি-এর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আমেদুল ইসলাম এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
ইটভাটা মালিক সমিতি অবিলম্বে ইট পোড়ানোর অনুমতি প্রদানের দাবি জানিয়ে শ্রমিকদের কর্মসংস্থান ও নির্মাণ খাত সচল রাখার আহ্বান জানান।