যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বয়ে যাওয়া এক শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী তুষারপাত, প্রচণ্ড বাতাস এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ফলে অন্তত ৫০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে।
সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে শিকাগো ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া আরও হাজার হাজার ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হওয়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের তীব্রতা আরও বাড়তে পারে এবং বেশ কয়েকটি রাজ্যে তুষারঝড় ও শৈত্যপ্রবাহের সতর্কতা বলবৎ থাকবে।
দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে সড়ক যোগাযোগেও বিঘ্ন ঘটেছে। বরফাচ্ছন্ন রাস্তায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক দুর্ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং বিদ্যুৎহীন এলাকায় জরুরি সেবা নিশ্চিত করার জন্য উদ্ধারকর্মীদের নিয়োজিত করা হয়েছে।