সাইফুল ইসলাম, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধলঘাট উচ্চ বিদ্যালয় কলেজ দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়।
চুরির সময় নৈশপ্রহরী এক কিশোর গ্যাং সদস্যকে সরাসরি শনাক্ত করলেও দুর্বৃত্তরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির প্রায় ১৪ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে দুই থেকে তিনজনের একটি দল কলেজে প্রবেশ করে।
ফ্যানগুলো খুলে নিয়ে যাওয়ার সময় নৈশপ্রহরী সুভাষ নাথ তাদের দেখে ফেলেন। তিনি জানান, চোরদের মধ্যে এলাকার পরিচিত কিশোর গ্যাং সদস্য আসিফকে তিনি সরাসরি চিনতে পেরেছেন। দুর্বৃত্তরা তাঁকে ভয় দেখিয়ে দ্রুত পালিয়ে যায়।
এরপর তিনি তাৎক্ষণিকভাবে কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান।
কলেজের অধ্যক্ষ জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাঁরা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানে এর আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে।
জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে তিনি পুলিশের সহযোগিতা চেয়েছেন।
পটিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) যুযুৎম যশ চাকমা জানান, মৌখিক খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলায় কিশোর গ্যাং চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
এ জাতীয় আরো খবর..