মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। গত তিন মাস আগে তার বিয়ে হয়। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিম উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, নিহত তাসলিমার গত তিন মাস আগে বগুড়া জেলায় পারিবারিক ভাবে বিয়ে হয়। আজ রোববার দুপুর ১টার দিকে স্বামী সামির হোসেনকে সঙ্গে নিয়ে বাবার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। পরে দুপুর আড়াইটার দিকে তাসলিমা তার আট বছর বয়সী ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান। তার ছোট ভাই পুকুরের পাড়ে বসে ছিল। এ সময় তাসলিমা ও তার স্বামী গোসল করতে পানিতে নামেন। তারা দুজনই সাঁতার জানত না। সাঁতার না জানায় গোসল করার একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে তাসলিমার ছোট ভাই চিৎকার শুরু করলে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে পুকুরে নেমে তাদের উদ্ধার করেন। উদ্ধারের পর তাসলিমাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর অসুস্থ অবস্থায় সামির হোসেনকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক। তিনি আরও বলেন এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..