মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. হারুন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি টুয়েল পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হারুন (৪২) এবং একই উপজেলার সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)।
আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদেরর ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছেন। পরে নিয়ামতপুর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে দেহ তল্লাশি করে।
তল্লাশির সময় টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য ছিল এক লাখ ৫০ হাজার টাকা। এ সময় তাদের ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা করা হয়। পরে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য নথি পর্যালোচনা শেষে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির। রাষ্ট্র কর্তৃক আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম জুবায়ের।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির বলেন, মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় একটি দৃষ্টান্ত। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুবায়ের বলেন, আসামিরা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত—এমন পর্যাপ্ত তথ্য-প্রমাণ না থাকা সত্ত্বেও আদালত রায় দিয়েছেন। এ রায়ে তারা সংক্ষুব্ধ এবং আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..