সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতন করতে সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৫১টি জেলে পরিবারের মধ্যে সরকারি সহায়তার ভিজিএফের চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে সরকার কাজ করছে। দেশের উন্নয়ন হলে এর সুফল সাধারণ মানুষও পাবে বলে উল্লেখ করেন তিনি।
ইলিশকে জাতীয় সম্পদ ও জিআই পণ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করা জরুরি। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ সময়ে নদীতে ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদারীপুর ইলিশের গুরুত্বপূর্ণ অঞ্চল। পদ্মা নদীর ইলিশের উৎপাদন বাড়লে সবচেয়ে বেশি উপকৃত হবেন জেলেরা। তাই ২২ দিনের নিষেধাজ্ঞাকে সাময়িক কষ্ট হিসেবে না দেখে ভবিষ্যতের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করা হলে ইলিশের উৎপাদন বাড়বে এবং দীর্ঘমেয়াদে জেলেদের আয়ও বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী বলেন, জলাশয় উন্মুক্ত থাকবে এবং জেলেদের স্বার্থ রক্ষায় সরকার কাজ করছে। নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করতে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে। ইলিশ সংরক্ষণে সরকার, প্রশাসন ও জেলেসহ সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনক।
এ সময় মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহী, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান, মাদারীপুর-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী নাদিরা চৌধুরী মিঠু,মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাবীব খান এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, জেলে ও ভিজিএফের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে ১৫১টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..