নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হিরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চল এবং দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকার বাংলাদেশ সীমানার অভ্যন্তরে কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি বস্তা দ্রুত পানিতে ফেলে দিয়ে পালিয়ে মিয়ানমার সমুদ্রসীমায় চলে যায়। পরবর্তীতে আভিযানিক দল ওই বস্তাগুলো পানি থেকে উদ্ধার করে তল্লাশি চালায় এবং তা থেকে—
৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা
২১ কেজি ৫০০ গ্রাম হিরোইন জব্দ করে।
উদ্ধারকৃত এই বিশাল মাদকের আনুমানিক বাজারমূল্য ৪২ কোটি টাকা।
বিসিজি স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, জব্দকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।