গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে মো. রানা (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার পর রানার মরদেহ পাশের একটি মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শনিবার (৩ অক্টোবর) ভোরে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রানা টঙ্গী পূর্ব থানাধীন এরশাদনগর ২ নম্বর ব্লক এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া ও রেহেনা বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে গাজীপুরা পশ্চিমপাড়ার মো. হানিফের বাড়িতে প্রবেশ করলে রানাকে চোর সন্দেহে আটক করা হয়। এরপর ওই বাড়ির ম্যানেজারসহ চার-পাঁচজন ভাড়াটিয়া মিলে তাকে বেধড়ক মারধর করেন।
স্থানীয়দের অভিযোগ, এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে রানার মৃত্যু হয়। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ পাশের একটি খোলা মাঠে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যান।
সকাল সাড়ে ১১টার দিকে মাঠে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।