রাজশাহী ব্যুরো:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’— এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নারী সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, "কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং সমান সুযোগ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিয়ে একটি কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে।
তিনি আরও বলেন, প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠিত হলে একটি সচেতন, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী বলেন, কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে ২০২৫-২৬ অর্থবছরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় জেলার ১৩০টি সমিতির মাঝে মোট ২৩ লাখ ৫৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর..