গাংনী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৬) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস শুকুর গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দিন মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আব্দুস শুকুর নিজ ভ্যানটি নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তার ভ্যানটিকে জোরালো ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বামন্দী আল-ফালাহ ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে ঘাতক বাসের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।