নাটোর প্রতিবেদক:
নাটোর রেলওয়ে স্টেশনের যাত্রী বিশ্রামাগার থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ব্যবহৃত ম্যাকবুকটি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঢাকার পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাপটপটি ওই পর্যটকের হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এ ঘটনায় দ্রু পদক্ষেপ ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কারে ভূষিত করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সূত্রে জানা গেছে, ঐতিহাসিক স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশন থেকে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রী অপেক্ষা কক্ষে অবস্থান করছিলেন। সে সময় ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের এটিএম বুথ থেকে টাকা তুলতে যান তিনি। ফিরে এসে দেখতে পান মালামালগুলো খোয়া গেছে। ল্যাপটপটিতে তার বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংরক্ষিত ছিল।
ঘটনার পরপরই পর্যটকের আবেদনের ভিত্তিতে নাটোর সদর থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের একাধিক দল যৌথ উদ্ধার অভিযান শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় গত রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে নাটোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে ম্যাকবুকটি উদ্ধার করা হয়।
ল্যাপটপটি হাতে পাওয়ার পর পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। তিনি বাংলাদেশ ভ্রমণের ইতিবাচক অভিজ্ঞতার কথা উল্লেখ করে দেশের পুলিশ বাহিনীর তৎপরতার ভূয়সী প্রশংসা করেন।
ল্যাপটপ হস্তান্তরকালে অতিরিক্ত আইজিপিসহ পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় আইজিপি মো. আলী হোসেন ফকির অভিযান পরিচালনাকারী সদস্যদের সততা ও পেশাদারত্বের প্রশংসা করেন এবং পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার পাশাপাশি দ্রুত ও জনমুখী সেবা নিশ্চিত করতে পুলিশের সব ইউনিটকে নির্দেশ দেন।