সচিবালয় প্রতিবেদক:
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অনিয়ম-হয়রানি বন্ধে লটারিপদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ পদ্ধতির মাধ্যমে এ পর্যন্ত ১ হাজার ৪৩১ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নের লটারি কার্যক্রম পর্যবেক্ষণ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব তথ্য জানান।
জাকারিয়া তাহের বলেন, “বদলি বাণিজ্য বন্ধ, কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি রোধ, সংস্থায় সুশাসন প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই লটারির মাধ্যমে পদায়নের এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। স্বচ্ছতার পাশাপাশি শারীরিকভাবে অসুস্থ বা পারিবারিক মানবিক বিষয়গুলোও এ ক্ষেত্রে বিবেচনায় রাখা হচ্ছে।” মন্ত্রণালয়কে একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই তাঁদের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
একই সংবাদ সম্মেলনে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে পুরো সচিবালয় স্থানান্তরের চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করা হয়েছে, যা আগামী মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে বর্তমান সরকারের মেয়াদেই স্থানান্তরের মূল কাজ শেষ করার চেষ্টা করা হবে।
বর্তমান সচিবালয়ের ভৌগোলিক ও অবকাঠামোগত সংকটের কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, স্থান সংকটের কারণে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে সচিবালয়ের বাইরে রাখতে হয়েছে। এছাড়া বর্তমান প্রাঙ্গণে তীব্র পার্কিং সংকট রয়েছে এবং বিদ্যমান ভবনগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। বর্তমান স্থানে পুনর্নির্মাণ করতে গেলেও পুরো কাজ স্থবির হয়ে পড়বে।
এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে আগারগাঁওয়ে প্রায় ৩০ থেকে ৩২ লাখ বর্গফুট জমির ওপর একটি আধুনিক, পরিকল্পিত ও সমন্বিত প্রশাসনিক হাব গড়ে তোলার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।