বগুড়া ব্যুরোঃ
বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশের বাগানে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নাজমুল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার প্রায় ১৬ বছর পর এ রায় ঘোষণা করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খন্দকার আদমদীঘি উপজেলার নিমাইদিঘী গ্রামের মৃত নাছির উদ্দিন খন্দকারের ছেলে। অন্য আসামিদের মধ্যে আঞ্জুয়ারা ও আরিফুল ইসলাম আরিফকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং আইরিন আক্তারকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। চারজনের সবার বাড়ি আদমদীঘির নিমাইদিঘী গ্রামে।
জানা যায়, ২০০৯ সালের ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আদমদীঘি উপজেলার নিমাইদিঘী গ্রামে বাদী শামসুর রহমানের স্ত্রী বাড়ির পাশের একটি বাগানে পাতা ঝাড়ু দিতে যান। এ সময় আঞ্জুয়ারার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে আনোয়ার হোসেনের নির্দেশে আঞ্জুয়ারা শামসুর রহমানের ছেলে নাজমুলের তলপেটে লাথি মারেন। এতে নাজমুল মাটিতে পড়ে গেলে আনোয়ার হোসেন দুই হাত দিয়ে তাঁর গলা চেপে ধরেন। এতে নাজমুলের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। বিচার চলাকালে মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রবিবার আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত উল্লেখ করেন, দণ্ডিত আসামিদের আগে কোনো হাজতবাসের সময় থাকলে তা তাঁদের সাজা থেকে বাদ যাবে। সাজা পরোয়ানামূলে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আপিলের সময়সীমা শেষ হওয়া বা আপিল আদালতের আদেশ সাপেক্ষে আদায়কৃত জরিমানার অর্থ থেকে ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে অবশিষ্ট ১ লাখ ৯০ হাজার টাকা নিহত নাজমুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) মো. আজাদ হোসেন তালুকদার বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত ন্যায়বিচার করেছেন। আসামিদের দণ্ড প্রদানের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
এ জাতীয় আরো খবর..