সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার পর মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়ক আবার সচল হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল শুরু হয়। রাত আড়াইটা থেকে দুপুর পর্যন্ত অবরোধ থাকায় প্রায় ১১ ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয় এই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের।
অবরোধ চলাকালে মহাসড়কের টেকেরহাট অংশে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকালে ঘটনাস্থলে যায় রাজৈর থানা পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জরুরি যানবাহন চলাচলের ব্যবস্থা রাখার আহ্বান জানান পুলিশ সদস্যরা। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করার বিষয়েও তাদের অনুরোধ করা হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে জরুরি যানবাহন চলাচলের সুযোগ রাখার অনুরোধ জানানো হয়েছিল। দুপুরের পর তারা সড়ক ছেড়ে চলে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ জাতীয় আরো খবর..