বরিশাল প্রতিবেদকঃ
বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত একটি নিয়মিত মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গত শুক্রবার (৩০ অক্টোবর) গভীর রাতে উপজেলার ব্যস্ততম গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জামান শরীফ গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ হোসেন গণমাধ্যমকে জানান, প্রায় দুই মাস পূর্বে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার বাসিন্দা আঁখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার দীর্ঘ তদন্ত ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, চাঁদাবাজি মামলার নিয়মিত আসামি জামান শরীফকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৩১ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।