নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি’-এ সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী নিয়োগের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল পর্যন্ত অনলাইনে প্রাপ্ত আবেদনগুলো থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় এই লটারি সম্পন্ন হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) কর্মকর্তা এবং সাংবাদিকদের উপস্থিতিতে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।
নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। তাঁদের মধ্য থেকে নির্বাচিত ৩০০ প্রার্থীর মধ্যে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে ২০০ জন এবং ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স’ পদে ১০০ জন স্থান পেয়েছেন।
নিয়োগ প্রক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ:
তালিকা প্রকাশ: নির্বাচিতদের তালিকা খুব শিগগিরই বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা: প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের সরাসরি পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন-এর প্রতিনিধিরা।
চূড়ান্ত নির্বাচন ও ফ্লাইট: পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জন কর্মীকে একদম বিনামূল্যে (জিরো কস্টে) মালয়েশিয়ায় পাঠানো হবে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তাঁদের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য এবং ‘জিরো কস্টে’ কর্মী পাঠানোর যে প্রতিশ্রুতি ছিল, এই উদ্যোগ তারই বাস্তব রূপ।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এবারই প্রথম লটারির মাধ্যমে নিরপেক্ষভাবে কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন, কর্মীর মেডিকেল ফি ও বিমানভাড়াসহ যাবতীয় সব খরচ নিয়োগকর্তা বহন করবে। এ ছাড়া ইতোমধ্যে বোয়েসেল পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং সেক্টরে আরও ৫৫৮ জন কর্মী পাঠানোর চাহিদাপত্র পেয়েছে।