গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভের চেষ্টা চালিয়েছেন পোশাক কারখানার কিছু শ্রমিক। রোববার (৮ নভেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই গাজীপুর শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছিল। তবে বেলা ৩টার দিকে মন্ডল গ্রুপের অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। একপর্যায়ে তারা জরুন মোড়ে অবস্থান নিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপসহ আশপাশের চলন্ত ৬ থেকে ৭টি কারখানায় ইট-পাটকেল ছুড়তে শুরু করেন।
খবর পেয়ে স্ট্যান্ডার্ড কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্য ও বিজিবির যৌথ টিম তাৎক্ষণিকভাবে ধাওয়া দেয়। বিশৃঙ্খলা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং লাঠিপেটা করে হামলাকারীদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, বহিরাগত শ্রমিকদের ঢিল ছোড়ার ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে কোনাবাড়ি ও জরুন এলাকার ৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ৭টি কারখানা ব্যতীত গাজীপুরের অন্যান্য সকল পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।