মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ পৌরসভার নওখণ্ডা এলাকায় গভীর রাতে অস্ত্রের প্রদর্শনী ও এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ কর্মীসহ মোট ১৪ জন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও দু’জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নওখণ্ডার একটি পাকা সড়কে বেশ কয়েকজন যুবক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৪ জনকে আটক করে। ধাওয়া দিলে দু’জন পালিয়ে যায়। আটক যুবকদের মধ্যে দুইজনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং একটি স্টেইনলেস স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—
মো. আকাশ (২০), মো. রাহল (১৯), মো. কামরুল ইসলাম রাকিব (৩৬), মো. রায়হান (১৯), মো. নাইম জামান (৩৮), মো. সাইফুল ইসলাম (৪১), ডালিম আহমেদ (৩৫), আ. সোহরাব (৩০), রাসেল (৩৮), মো. রুবেল হোসেন (৪২), মো. আমিনুল ইসলাম (৩৬), জুয়েল রানা (৩৪), মো. শামীম (৩৮) এবং ওমর ফারুক (৩৫)।
এদের মধ্যে মো. নাইম জামান মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে আটকরা জানান, স্থানীয়ভাবে বালু ভরাটকে কেন্দ্র করে দুই প্রভাবশালী ব্যক্তির দ্বন্দ্বের জেরে তারা একত্রিত হয়েছিলেন এবং ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যে সড়কে অবস্থান নেন।
ওসি মো. কামাল হোসেন জানান, “টহলের সময় তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া অস্ত্র জব্দ করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া দু’জনকে শনাক্তের চেষ্টা চলছে।”
পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং মঙ্গলবার সকালেই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।