রাজধানী প্রতিবেদক:
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ককটেল দুটির কাছাকাছি স্থানে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়। এছাড়া প্রায় একই সময়ে ধানমন্ডির সিটি কলেজের পাশ থেকেও আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ককটেলগুলো উদ্ধার ও পরবর্তীতে তা নিষ্ক্রিয় করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে দুটি ককটেল দেখতে পেয়ে পথচারী ও স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে নিরাপদে নিষ্ক্রিয় করেন।
একই সময়ে সিটি কলেজের পাশের একটি স্থান থেকে একইভাবে পরিত্যক্ত অবস্থায় আরও দুটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়।
ধানমন্ডি ৩২ নম্বরে উদ্ধার হওয়া চিরকুটের বিষয়ে ওসি ইমদাদুল ইসলাম জানান, ককটেলের কাছেই একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা ছিল—‘জয় বাংলা, প্রজন্ম-৭১’। এই চিঠির সঙ্গে ককটেল রাখার কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওসি আরও জানান, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী দুজন ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বরে এসে ককটেল দুটি রেখে দ্রুত সরে যান। তবে পুলিশের সতর্ক অবস্থানের কারণে তারা সেগুলোর বিস্ফোরণ ঘটাতে পারেনি। একইভাবে সিটি কলেজের পাশেও ককটেল ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত এসব দুষ্কৃতকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।