নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাংগীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেন। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয় এবং পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহাংগীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তাঁকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠান। পাশাপাশি এ ঘটনায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..