দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে উৎপাদনশিল্পের কেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রফতানির প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেটওয়ে) হিসেবে প্রতিষ্ঠা করাই হবে ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর মূল লক্ষ্য।
আজ রোববার (২২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন এসএমই নীতিমালা ও কর্মসংস্থানের লক্ষ্য
তারেক রহমান জানান, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ এবং পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ‘জাতীয় এসএমই নীতিমালা ২০২৬’-এর খসড়া তৈরি করেছে, যা শিগগিরই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন নীতিমালার আওতায় ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করা এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতির আকার ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পের পাশাপাশি এসএমই প্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে। এ খাতকে কেবল অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও কাঁচামাল সরবরাহকারী এবং রফতানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিল্প ক্লাস্টার ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা
তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেন তারেক রহমান। এ প্রসঙ্গে দেশে প্রথম গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং জনশক্তি রফতানির সূচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তিনি।
ইতালির বিশেষায়িত শিল্প ক্লাস্টারের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে, যেগুলোকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ ও ক্রিয়েটিভ ইকোনমি কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পাশাপাশি স্থানীয় পণ্যের নকশা ও মানোন্নয়নে একটি জাতীয় ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং পর্যায়ক্রমে তা আঞ্চলিক পর্যায়ে সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।
আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার ও সরাসরি অর্ডার
বিদেশি বাজারে দেশীয় এসএমই পণ্যের প্রবেশাধিকার বাড়াতে সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে পণ্য মেলা আয়োজনের বিষয়ে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই আগ্রহকে কাজে লাগাতে বিদেশি ক্রেতারা যেন সরাসরি অর্ডার দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় লেনদেন ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা জরুরি।