সোহরাব, বরগুনা:
শীতের আগমনী বার্তায় উষ্ণতার পরশ নিয়ে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনা জেলা প্রশাসন। শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রমের শুভসূচনা করা হয়েছে।
সম্প্রতি বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে প্রথমেই বরগুনা সরকারি শিশু পরিবারের কোমলমতি শিশুদের হাতে শীতের উষ্ণতার উপহার হিসেবে কম্বল তুলে দেন তিনি।
সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে কম্বল তুলে দিয়ে মানবিক কার্যক্রমের সূচনা
এ সময় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক। তাদের মুখে হাসি ফোটানো, স্নেহ-মমতা ও ভালোবাসার বন্ধনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জেলা প্রশাসনের এ উদ্যোগ কেবল শীতবস্ত্র বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা এবং সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শীতের তীব্রতা বাড়ার আগেই পর্যায়ক্রমে প্রকৃত শীতার্ত মানুষের কাছে উষ্ণতার উপহার পৌঁছে দেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মানবিকতার এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটুক, উষ্ণতায় ভরে উঠুক প্রতিটি অসহায় মানুষের জীবন—এমন প্রত্যাশা বরগুনাবাসীর।
মোঃ সোহরাব হোসেন
বরগুনা জেলা প্রতিনিধি
তারিখ ২৩-১১-২৬ ইং
এ জাতীয় আরো খবর..