মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (২২ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার কদমতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে অনন্তপুর বিওপির আওতাধীন কদমতলী এলাকায় অভিযান চালানো হয়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই পরিকল্পনা করে সেখানে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি টহলদল। এ সময় তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত দিয়ে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..