মোঃ জাকির আলী পঞ্চগড় প্রতিনিধিঃ
দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটসহ নানা সমস্যা লেগেই আছে। স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও এই হাসপাতালে মিলছে তার বিপরীত চিত্র।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে বিভিন্ন বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে রয়েছে দীর্ঘ লাইন। গড়ে প্রতিদিন বহির্বিভাগে ৫০০ থেকে ৬০০ জন এবং জরুরি বিভাগে ১০০ থেকে ১৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন।
উপজেলার প্রায় দেড় থেকে দুই লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ এখানে চিকিৎসকের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৪ জন। এছাড়া তৃতীয় শ্রেণির অনুমোদিত ৭২টি পদের মধ্যে ৩০টি এবং চতুর্থ শ্রেণির ৩০টি পদের মধ্যে ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এমন চরম চিকিৎসক ও জনবল সংকটে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন কর্মরত চিকিৎসক-কর্মচারীরা এবং চরম ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রার্থীরা।
হাসপাতালে ডিজিটাল এক্স-রে মেশিনসহ আধুনিক মানের প্যাথলজিক্যাল ল্যাব রয়েছে। জরুরি এক্স-রেসহ অধিকাংশ পরীক্ষা-নিরীক্ষা এখানে করা গেলেও পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় ল্যাবের মাত্র একজন টেকনিশিয়ানকে সেবা দিতে গিয়ে প্রায়ই হিমশিম খেতে হয়। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি)।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর বলেন, "আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির তীব্র জনবল সংকট রয়েছে। স্বল্প জনবল নিয়েই আমরা সাধ্যমতো রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।"
এ জাতীয় আরো খবর..