নুর আমিন, কুড়িগ্রাম চিলমারী প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীরের রক্ষা বাঁধ ঘেঁষে চলছে মাটি কাটার মহোৎসব। গভীর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক স্থানে ভেকু দিয়ে নদীর পাড় কেটে মাটি তোলা হচ্ছে। পরে ড্রাম ট্রাক ও ট্রাক্টরে করে এসব মাটি বিভিন্ন ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে চলা এ মাটির বাণিজ্যে একদিকে নদীর পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত রক্ষা বাঁধ ও তীরবর্তী জনবসতি।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অন্তত ১০টি পয়েন্টে ভেকু বসিয়ে নদীর পাড় থেকে মাটি কাটা হচ্ছে। এতে ব্রহ্মপুত্রের গতিপথ ক্রমেই রক্ষা বাঁধের দিকে সরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে রানীগঞ্জ ইউনিয়নের চাঁছকোলের কাঁঠালকুড়া এলাকায় রক্ষা বাঁধের প্রায় ৪৫ মিটার অংশের ব্লক ধসে পড়েছে। এরপরও মাটি কাটা বন্ধ না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৪৮ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদের ডান তীরের রক্ষা বাঁধটি চিলমারীর গুরুত্বপূর্ণ জনপদ, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবকাঠামো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বাঁধ ঘেঁষে অবাধে মাটি কাটার কারণে এখন সেই বাঁধই হুমকির মুখে। ঝুঁকিতে রয়েছে রমনা রেলওয়ে স্টেশন, শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপনা।
শুধু নদীভাঙনের আশঙ্কাই নয়, মাটি পরিবহনে ব্যবহৃত ড্রাম ট্রাক ও ট্রাক্টরের অবাধ চলাচলেও ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছে না। পাশাপাশি এসব যানবাহনের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, কথিত একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে মাটি বিক্রির ব্যবসা পরিচালনা করছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমল থেকে এ কার্যক্রম চলে আসছে। বর্তমানে ওই চক্রের সদস্যরা নিজেদের বিএনপির পরিচয় ব্যবহার করেও মাটি কাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
থানাহাট ইউনিয়নের মাঝেরমল, পুটিমারী ও কাজলডাঙ্গা, রমনা ইউনিয়নের গুরাতিপাড়া ও জোড়গাছ, রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট, চাঁছকোল ও কাঁঠালকুড়া এলাকায় নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ রয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে এমন কর্মকাণ্ড চললেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে।
রাজাহাট এলাকার সজু মিয়া বলেন, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদের ডান তীরের রক্ষা বাঁধ ঘেঁষে মাটি কেটে বিক্রি করছে। এর ফলে শিক্ষার্থীরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখে অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ জাতীয় আরো খবর..