নরিন জাহান, জেলা প্রতিনিধি নারায়গঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের কদমরসুল সেতুর নির্মাণকাজে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মাজারের সমাধি স্থানান্তরে আপত্তি ও জমি বুঝিয়ে না পাওয়ায় বুধবার (২৫ নভেম্বর) থেকে বন্ধ হয়ে গেছে সেতুর নির্মাণকাজ। এতে চরম দুর্ভোগের আশঙ্কায় পড়েছেন শীতলক্ষ্যার দুই পাড়ের মানুষ।
সেতুর পিলার নির্মাণকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, মঙ্গলবার রাত ১২টার মধ্যে বুঝিয়ে দেওয়া জমিতে কাজ শেষ হয়েছে। বাকি রয়েছে ১০টি পিলার। এর মধ্যে ছয়টি মাজারের জায়গায় এবং চারটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ড্রেনের ওপর পড়েছে। সংশ্লিষ্ট জায়গা বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এসব পিলারের নির্মাণকাজ শুরু করা সম্ভব নয়।
এদিকে মাজারের সমাধিগুলো সাময়িকভাবে অন্যত্র স্থানান্তর করে পিলার নির্মাণের কাজ শেষ করার প্রস্তাব দেয় সেতু কর্তৃপক্ষ। পরে সমাধিগুলো আবার আগের স্থানে ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান প্রস্তাবে সম্মতি দিলেও আপত্তি জানান সংসদ সদস্যের ছেলে আবুল কাউসার আশা।
আলোচনা সভায় সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উদ্দেশে আবুল কাউসার আশাকে বলতে শোনা যায়, “আপনারা মন্ত্রণালয়ে লিখে দেন, লোকাল এমপি বাধা দিয়েছেন।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রয়োজনে সরকারি কোষাগার থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হলেও সমাধি স্থানান্তরে রাজি হননি আবুল কাউসার আশা। ফলে সেতুর পি-১ পিয়ারের পাইলিংসহ বাকি পিলারগুলোর নির্মাণকাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভাষ্য, সমাধিগুলো স্থানান্তর করে পিলার নির্মাণের কাজ শেষ করা না গেলে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। এতে নির্মাণকাজে বিলম্বের পাশাপাশি প্রকল্পের ব্যয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
৭৩৫ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন কদমরসুল সেতুটি শহরের চারারগোপ থেকে বন্দরের একরামপুরকে যুক্ত করবে। দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা।
বন্দরবাসীর দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘবের স্বপ্নের এই সেতুর কাজ এখন মাজারের জায়গা নিয়ে জটিলতায় আটকে পড়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট পক্ষগুলো সমাধানে পৌঁছাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে!
এ জাতীয় আরো খবর..