সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
তীব্রগতির ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ৮টি হাতির। সাইরং- নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় হাতিগুলি। দুর্ঘটনার ফলে ট্রেনটির ৫টি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে। তবে সৌভাগ্য ক্রমে যাত্রীদের কোনও প্রাণহানি হয়নি। শনিবার (২০ ডিসেম্বর ) রাত ২টা ১৭ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। আসামের নগাঁও জেলার কামপুরের চাংজুরাই এলাকায় গভীর রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়। দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত ছিল না। লোকো পাইলট জরুরি জরুরি ব্রেক করলেও ট্রেনটি থামার আগেই হাতির পালটির ওপর উঠে যায়। গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে এই শোকাবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়। এই দুর্ঘটনায় কোনও যাত্রী হতাহত হয়নি বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং লাইনের উপর হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার আসাম ও উত্তর - পূর্ব ভারতের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঊর্ধ্বতন আধিকারিকরা।