নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ ২২ লাখ মেট্রিক টন খাদ্য শস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। একই সঙ্গে আমন মৌসুমে সরকার মোট সাড়ে ৮ লাখ মেট্রিক টন ধান ও চাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (০৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।
খাদ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে কৃষকরা আগ্রহী হলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ক্রয় করা হবে। এ ছাড়া প্রতি কেজি ৪৯ টাকা দরে পাঁচ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনা হবে।
সংগ্রহের সময়সূচি উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। অন্যদিকে, চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে, পর্যাপ্ত খাদ্য মজুদের কারণে খাদ্যসংকটে পড়ার কোনো সম্ভাবনা নেই। কৃষকদের সুবিধার্থে ও তাদের ভালো অবস্থানে নিয়ে যেতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।