নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা এবং উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ হিসেবে অভিহিত করার অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেছেন, এ ধরনের বক্তব্যের বিচার দেশের জনগণই করবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির লাইভে এসে দলীয় পরিচয়ে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ তুলেছিলেন। তবে পরদিন সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেই স্বীকার করেন যে, তার কাছে সরাসরি কেউ চাঁদা চাননি।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সেখানে কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন তার কাছে চাঁদা চাননি। কিন্তু তারপরও কেন বলছেন বিএনপি চাঁদাবাজ? এজাতীয় বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।"
পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা:
রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারি ও মামলা না নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রভাব খাটানোর কিছু নেই, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই।" মাটি কাটায় জমি দখলের ঘটনা রাতের অন্ধকারে হওয়ার পর ৯৯৯-এ ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেফদার ও আলামত সংগ্রহ করেছে বলে জানান তিনি। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছিল এবং ইতোমধ্যে মামলা ও তদন্ত চলছে।
মন্ত্রী আরও বলেন, "আমাকে সমালোচনা করে একজন (সালমান মুক্তাদির) বলেছেন, মামলা হয়েছে আমি জানি না। তা অন্তত আইনের বিষয়েও তো আমরা একটু খুঁটিনাটি চর্চা করি।" এজাহার দায়েরের পর পুলিশকে কেন প্রাথমিক তদন্ত করতে হয়, তার ব্যাখ্যা দিয়ে তিনি জানান, হুট করে কোনো যাচাই-বাছাই ছাড়া এজাহার এন্ট্রি করলে অপব্যবহারের সুযোগ থাকে। এই ঘটনায় যিনি মামলা করেছেন, তিনি ওই এস্টেট কোম্পানির একজন ডিরেক্টর হিসেবেই মামলা করেছেন বলে জানান তিনি।
আইনগত ব্যবস্থার কঠোর বার্তা:
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় নিউগিনি প্রপার্টির হোক কিংবা পার্শ্ববর্তী জমির মালিক হোক—যেই জড়িত থাকুক না কেন, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে এবং খুব দ্রুত আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, একই দিনে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে।