মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও টিনেজ সাইবার ক্রাইম প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) আত্রাই থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
মতবিনিময় সভায় বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবং আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় মাদকের ভয়াবহতা ও এর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজকে সচেতন করার আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, প্রতারণা ও সাইবার অপরাধ থেকে সুরক্ষা এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার প্রায় ঘণ্টাব্যাপী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের নানা দিক তুলে ধরেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে তাঁর বক্তব্য শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম এ ধরনের সময়োপযোগী ও সচেতনতামূলক আয়োজনের জন্য নওগাঁর পুলিশ সুপার ও জেলা পুলিশকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুসরণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংসদ সদস্য ও পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আত্রাই থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
সবশেষে মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যয়ে শিক্ষার্থীরা হাত তুলে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ জাতীয় আরো খবর..