নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি স্পষ্ট করে বলেছেন, প্রকৃত উপকারভোগীরা যেন নির্বিঘ্নে এই সুবিধা পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই কার্ড পৌঁছে দেওয়া হবে; কোনো যোগ্য পরিবার বাদ পড়বে না।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "ফ্যামিলি কার্ড বিতরণ ছিল আমাদের নির্বাচনি প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রক্ষায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি যা বলে, তা করে দেখায়। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো জননেতার সঙ্গে মিথ্যা আশ্বাস ও ফাঁকা বুলি দেই না।" বিশেষ করে নারীদের সংসারের আর্থিক খরচ মেটানো ও স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণের এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ও দরিদ্র উপকারভোগী পরিবারগুলো চিহ্নিত করা হচ্ছে। এই পুরো কার্যক্রমে যদি সামান্যতম অনিয়ম, স্বজনপ্রীতি বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মেলে, তবে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে কেন্দ্র করে দেশের প্রতিটি পূজামণ্ডপের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ তৎপর থাকবে।
পূজা চলাকালীন যেকোনো ধরনের অপ্রীতিকর বা অনভিপ্রেত ঘটনা রোধে কঠোর নজরদারি রাখা হবে এবং সরকারের পক্ষ থেকে সব মণ্ডপে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।