নিজস্ব প্রতিবেদক:
দেশের দুই প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের স্বর্ণবার ও স্বর্ণপেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি কাটার গ্রেটারের ভেতরে এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর রেক্টামে (পায়ুপথ) বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। গত শনিবার (১৮ অক্টোবর) পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার (১৯ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর (ফ্রাইপ্যানে লুকানো স্বর্ণ): ১৮ অক্টোবর সকাল ৭টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS350) যাত্রী কামরুল ইসলামের ব্যাগেজ তল্লাশি করা হয়। তিনি ১০০ গ্রাম স্বর্ণালংকারের ঘোষণা দিলেও ব্যাগে তল্লাশি চালিয়ে ফ্রাইপ্যান ও সবজি গ্রেটারের ভেতর থেকে ৪৬৬ গ্রাম ওজনের ৪টি খণ্ডিত স্বর্ণবার উদ্ধার করা হয়। ঘোষিত ১০০ গ্রামসহ মোট ৫৬৬ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৯৮ লাখ ৩০ হাজার টাকা।
ঢাকা শাহজালাল বিমানবন্দর (রেক্টামে স্বর্ণপেস্ট): একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালদ্বীপ থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS338) দুই যাত্রী—মোহাম্মদ সোলাইমান ও জোবায়েদ আহমদের দেহ তল্লাশি করা হয়। দুজনের রেক্টাম থেকে ৩টি করে মোট ৬টি ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের বস্তু উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৭৩৪ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা।
সিআইআইডি জানিয়েছে, জব্দকৃত স্বর্ণপেস্টগুলোতে প্রকৃত বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ নির্ধারণে রাসায়নিক পরীক্ষা করা হবে। মামলা ও আলামত সংরক্ষণের স্বার্থে বস্তুগুলো আপাতত অবিকৃত রাখা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হয়েছে।