সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের কালকিনিতে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মর্জিনা আক্তার। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক তরুণদের মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলেন জেলা প্রশাসক।
এর আগে জেলা প্রশাসক কালকিনি উপজেলার বিভিন্ন দপ্তর আকস্মিক পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর..