দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি, কম্বল ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৯ হাজার ৯০০ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল লতিফুল বারী।
বিজিবির সুনির্দিষ্ট সূত্রের বরাতে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হিলিসিপি বিওপির একটি চৌকস দল সীমান্তের জিরো পয়েন্ট (চেকপোস্ট গেট) এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে এসব ভারতীয় মালামাল আটক করতে সক্ষম হয়।
অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬টি ভারতীয় শাড়ি, ৪ কেজি ওজনের ১টি কম্বল, ১ লিটারের ১টি ট্রেসমি শ্যাম্পু, ১ লিটারের ৩টি ক্যাশ কিং শ্যাম্পু, ১ লিটারের ১টি সানসিল্ক শ্যাম্পু, ৮৯৫ মিলিলিটারের ১টি ফিয়ামা শাওয়ার জেল, ২৪০ মিলিলিটার ও ১৫০ মিলিলিটারের ২টি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ, ৫০ গ্রামের ৩৬টি পন্ডস ফেসওয়াশ, ১২৫ গ্রামের ১৬টি বরোপ্লাস সাবান এবং ১৫০ গ্রামের ১১টি ডাবর রেড টুথপেস্ট।
উদ্ধার করা এসব অবৈধ মালামালের সমন্বিত সিজার মান নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৯০০ টাকা। সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ মালামাল পাচার এবং অনুপ্রেবেশ বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও উচ্ছেদ অভিযান নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।