ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের (টেপাখোল কার্যালয়) সরকারি বিদ্যুৎ ব্যবহার করে অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার অভিযোগ উঠেছে এক অফিস সহকারীর বিরুদ্ধে। সরকারি অনুমোদন ছাড়াই নিয়মিত এ কার্যক্রম চলার অভিযোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজসেবা কমপ্লেক্সের টেপাখোল কার্যালয়ের ওই অফিস সহকারী নিয়মিতভাবে অফিসের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে আসছেন। সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও অবকাঠামো ব্যক্তিগত বা অননুমোদিত কাজে ব্যবহারের অভিযোগ উঠলেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, জনগণের অর্থে পরিচালিত একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের বিদ্যুৎ এভাবে ব্যবহার করায় সরকারি সম্পদের অপচয় হচ্ছে। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড সরকারি প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও ভাবমূর্তির জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অফিস সহকারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
এ জাতীয় আরো খবর..