নিজস্ব প্রতিবেদক:
প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আসন্ন ইউপি নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে, যেখানে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বড় একটি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে বর্তমানে সংগৃহীত অব্যবহৃত ইভিএমগুলোর ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এছাড়া, নাগরিক সেবা ও ভোটার তালিকা প্রক্রিয়া আরও সুসংহত করতে এখন থেকে ছয় বছর বয়স থেকেই নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন বলেও জানান তিনি।