বিশেষ প্রতিনিধি:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত-বাংলাদেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। দণ্ডপ্রাপ্ত অপরাধী হওয়ায় শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার বা মানবাধিকার কার্যকর হবে না বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের নীতি ও কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে চাই। এখানে তাঁকে কী প্রক্রিয়ায় আনা হবে সেটিই মুখ্য বিষয়, আর বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে ফিরতে হবে। যেহেতু তিনি সাজাপ্রাপ্ত অপরাধী, তাই অনেক সাধারণ মৌলিক মানবাধিকার তাঁর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’’
সংবাদ সম্মেলনে পোশাক খাতের সাম্প্রতিক পরিস্থিতি ও মজুরি কাঠামো নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন নতুন মজুরি আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে।
সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, ‘‘মাফিয়া দলগুলোর অপকর্মের অর্থায়ন এখনো পুরোপুরি বন্ধ হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং খুব দ্রুতই এসব নাশকতার পেছনের কুশীলব ও অর্থায়নকারীদের আইনের আওতায় আনা হবে।’’