সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় গভীর রাতে ভিন্ন তিন শিক্ষা প্রতিষ্ঠানে ও আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে তাদের নেতা-কর্মীরা রাতের আঁধারে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ও আদালতের গেটে তালা ও পোস্টার লাগিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, পটিয়ার পোষ্ট অফিস সংলগ্ন আদালত(সিভিল কোর্ট), খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, শশংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিরির খলিল মীর ডিগ্রি কলেজের মূল ফটকে পোস্টার টাঙিয়ে দেওয়া হয়। পোস্টারে ছাত্রলীগের ধর্মঘটের সমর্থনে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে 'দেশ সংস্কারের কাজ চলছে' বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, গত রোববার সংগঠনটির তরফ থেকে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানিয়ে এই ধর্মঘট ডাকা হয়েছিল।
রাতে শিক্ষকরা বিদ্যালয়ের ফটকে তালা লাগানোর বিষয়টি প্রশাসনকে জানায়।
তবে খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, রাতের বেলাতেই তালা কেটে বা খুলে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ শিক্ষক এনাম উল্লাহ জানান, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা তালা লাগালেও রাত সাড়ে ৩টার দিকে তারাই আবার তা খুলে নেয়। বর্তমানে তাদের স্কুলে যথারীতি পাঠদান ও একাডেমিক কার্যক্রম চলছে।
অন্যদিকে, স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও তালা ঝুলানোর বিষয়ে সত্যতা পাওয়া যায়নি। সব শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ চলছে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানও জানান, কোনো প্রতিষ্ঠান থেকে তাদের কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি, তবে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
এ জাতীয় আরো খবর..