চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
অনলাইন ব্যবসায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে ৩৭ লাখ ১৭ হাজার ২২৫ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। টাকা উত্তোলনের নামে আরও ৭ লাখ ৩২ হাজার টাকা দাবি, বিপুল ব্যাংক কার্ড, চেক বই ও সিমকার্ড উদ্ধারের তথ্য এবং রিমান্ডে কথিত প্রতারণার নেটওয়ার্কের একাধিক ব্যক্তির নাম প্রকাশ—সব মিলিয়ে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৪৪)-কে লাজাদা (Lazada) অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসার প্রস্তাব দেন মোঃ মশিউর রহমান সোহান পিতা মোঃ বাচ্চু মেম্বার গ্রাম কয়লা দেয়ার শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ । মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে লাভজনক ব্যবসা ও বিশ্বস্ততার আশ্বাস দিয়ে বিভিন্ন লেনদেনের নমুনা দেখিয়ে তাঁকে বিনিয়োগে আগ্রহী করা হয়। প্রথমে ৫০ হাজার টাকা পাঠানোর পর অনলাইন শপে অর্ডার আসতে শুরু করলে বিশ্বাস বাড়ে ভুক্তভোগীর। এরপর বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে থাকেন তিনি। পর্যায়ক্রমে তাঁর পাঠানো অর্থের পরিমাণ দাঁড়ায় ৩৭ লাখ ১৭ হাজার ২২৫ টাকা।
কিন্তু বিনিয়োগের টাকা উত্তোলন করতে গিয়ে দেখা দেয় বিপত্তি। অভিযোগ, অনলাইন অ্যাকাউন্টে জমা অর্থ তুলতে হলে নতুন করে আরও ৭ লাখ ৩২ হাজার টাকা জমা দিতে হবে বলে জানানো হয়। অতিরিক্ত টাকা না দিলে পূর্বের বিনিয়োগ উত্তোলন করা সম্ভব নয়—এমন শর্তে প্রতারণার সন্দেহ জোরালো হয় ভুক্তভোগীর।
এ ঘটনায় ১৭ জুলাই ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর ২২(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে অভিযুক্তকে নিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্যাংকের চেক বই,ব্যাংক কার্ড, বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন ও সিমকার্ডসহ ডিজিটাল লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিভিন্ন মোবাইল আর্থিক সেবা নম্বর ও ব্যাংক হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেনের তথ্যও তদন্তে সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।
তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত অভিযুক্তের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে অভিযুক্তের স্বীকারোক্তিমূলক বক্তব্যে কথিত প্রতারণা চক্রের মূল পরিকল্পনাকারী হিসেবে নাজমুল সাকিব, রাকিব হাসান জয়, নাদিম সবুজসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে। তবে এসব তথ্যের পূর্ণ সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এই অনলাইন ব্যবসার আড়ালে কত বড় আর্থিক প্রতারণার নেটওয়ার্ক সক্রিয় ছিল? কারা পরিচালনা করত লেনদেন, কোথায় যেত কোটি টাকার অর্থ এবং এই চক্রে আরও কারা জড়িত
ভুক্তভোগী তাঁর কষ্টার্জিত টাকা ফেরত পাওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত, ডিজিটাল লেনদেনের উৎস শনাক্তকরণ, অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি
এ জাতীয় আরো খবর..