নোয়াখালী (সেনবাগ) প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াতের সময় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার নাজিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, তাঁর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগকারী মমতাজ বেগম (৪৩) সেনবাগ উপজেলার ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী মো. মাহফুজ আলম প্রবাসে থাকেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। গাড়িতে চালকসহ আরও কয়েকজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি তিনশরিফ এলাকায় পৌঁছালে পেছনের আসনে থাকা কয়েকজনের বিরুদ্ধে তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, দুর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে তাঁর দুই হাতের বালা, কানের দুল, আংটি, গলার চেইন ও লকেটসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায়। পরে তাঁকে সেবারহাট বাজারের পশ্চিম পাশে একটি ফাঁকা সড়কে নামিয়ে দিয়ে চলে যায়।
ঘটনার পর তিনি স্বামী ও নিকটাত্মীয়দের বিষয়টি জানান। অভিযুক্তদের শনাক্ত করতে না পারা এবং পারিবারিক আলোচনার কারণে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে লিখিত আবেদনে উল্লেখ করেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা পাঁচজনকে অভিযুক্ত করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষিকা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সেনবাগ থানার এসআই পলেন বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।
এ জাতীয় আরো খবর..