নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে হারানো ও নিখোঁজ ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ২৭ দিনের বিশেষ অভিযানে এসব মোবাইল উদ্ধার করা হয়। ২৭ শে নভেম্বর সকালে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নওগাঁ জেলা পুলিশ সর্বমোট ৫৭৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, গত এক বছর ধরে হারানো মোবাইল ফোন উদ্ধারে তিনি ও তাঁর বিশেষ টিম নিরলসভাবে কাজ করেছেন। সবার হারানো মোবাইল উদ্ধার করা সম্ভব না হলেও পুলিশ আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছে। যেসব মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি, সেসব মালিকের প্রতি তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
উদ্ধার করা মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে নওগাঁ জেলা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হারানো মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এ উদ্যোগকে নওগাঁ জেলা পুলিশের একটি জনবান্ধব কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ জাতীয় আরো খবর..