এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জামালপুরে। সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের দেওয়ানপাড়াস্থ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে বিএনএফ জামালপুর জেলা শাখা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম। তিনি বলেন, “এনজিওসমূহ দেশের উন্নয়ন ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনএফ সেই প্রচেষ্টার একটি শক্তিশালী অংশীদার।”
আলোচনা সভা পরিচালনা করেন এসপিকে’র প্রধান নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী পরিচালক ও বিএনএফ জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম,তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান,
আদর্শ পল্লী প্রযুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, এনজিও সেক্টরের উন্নয়ন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নমূলক কাজের প্রসারে বিএনএফের ভূমিকা অনন্য।
আলোচনা সভা শেষে দেওয়ানপাড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলার সাতটি উপজেলার বিএনএফের সদস্যরা র্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।