দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও সফরে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুদিনের এই সফরে রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। বঙ্গভবন প্রেস উইং থেকে রাষ্ট্রপতির এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নামার পর জেলা সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হবে। দুই দিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির যাতায়াতের প্রতিটি পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারা ও অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।