দেশে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান বিএনপি সরকারকে দায়ী করার সুযোগ নেই উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, মাত্র ছয় মাসের এক সরকারের পক্ষে বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই সংকট তৈরি করা সম্ভব নয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় এক দলীয় কর্মসূচীতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জামায়াত আমীরের সাম্প্রতিক বক্তব্যের পর তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অচলাবস্থা এবং বিরোধী দলগুলোর সমালোচনার জবাবে রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় এবং অপরিকল্পিত নীতির ফলেই বিদ্যুৎ ও জ্বালানি খাত এই ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মাথায় এ সংকটের জন্য দায়ী হতে পারে না।
রুহুল কবির রিজভী বলেন, সরকার সংকট লুকিয়ে রাখছে না; বরং তা স্বীকার করেই সমাধানের জন্য কাজ করছে। ইতোমধ্যে নতুন ১৩০টি গ্যাসকূপ খননের অনুমোদন এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির মাধ্যমে আগামী ৫-৭ দিনের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বাস্তবসম্মত বিষয় অনুধাবন না করে সরকারের বিরুদ্ধে ঢালাও অভিযোগ আনা রাজনৈতিক দায়িত্বশীলতার পরিচয় নয়। সংকট কাটিয়ে উঠতে সবাইকে ধৈর্যের সাথে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিএনপি সরকার দেশের কৃষি, শিল্প ও বাসাবাড়ির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে সব ধরনের জরুরি ও টেকসই উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।