আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থার তৎপরতায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রিয়াদে সৌদি আরামকোর একটি ভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করা হলে এর ধ্বংসাবশেষের কারণে ভবনটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া বেশ কিছু ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, সাম্প্রতিক সময়ে রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল লক্ষ্য করে ধারাবাহিকভাবে আকাশপথে হামলার হুমকি ও ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব হুমকি মোকাবিলায় কঠোর সতর্কাবস্থায় রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।